উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিলিপাইনের সঙ্গে কোনো সংঘাত শুরু হলে চীন সহজেই জয়লাভ করতে পারবে বলে মন্তব্য করেছেন ম্যানিলায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিং কোয়ান। তবে বেইজিং শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তি বজায় রাখতে আগ্রহী বলে তিনি দাবি করেন। ফিলিপাইন এই বক্তব্যকে পরোক্ষ হুমকি হিসেবে দেখছে।
বৃহস্পতিবার ম্যানিলার একটি স্কুলে বক্তব্য দেওয়ার সময় জিং কোয়ান বলেন, এই অঞ্চলে চীনের মতো প্রতিবেশী পেয়ে ফিলিপাইনের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, শক্তি প্রয়োগের ইচ্ছা থাকলে চীন সহজেই জিততে পারত, কিন্তু তারা শান্তির পথ বেছে নিয়েছে।
চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্যকে সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জে তারিয়েলা। তিনি বলেন, বারবার আইন লঙ্ঘন করার পর বড় প্রতিবেশীর এমন বক্তব্য কোনোভাবেই শান্তি বা বন্ধুত্বের লক্ষণ হতে পারে না।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বেইজিংকে আঞ্চলিক উসকানিদাতা হিসেবে আখ্যা দেওয়ার একদিন পরই রাষ্ট্রদূতের এই মন্তব্য সামনে এল। অন্যদিকে, চীন অভিযোগ করেছে যে ফিলিপাইন তাদের শ্রমিক ও শিক্ষকদের হয়রানি করছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ চীন সাগরের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সম্প্রতি ফিলিপাইনের অসুস্থ এক সেনাসদস্যকে সরিয়ে নেওয়ার কাজে চীনা কোস্টগার্ড বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতের এই বক্তব্যকে দুঃখজনক ও অসহায়ক বলে বর্ণনা করেছে।