উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নির্বাহী পরিষদের বৈঠকে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা নিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ঘটনার পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখবে জামায়াত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয় এবং তা প্রায় দেড় ঘণ্টা ধরে চলে। সূত্র জানায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১–দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এবং কুমিল্লার ঘটনাটি বিশেষ গুরুত্ব পায়।
বিষয়টি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চারজন সদস্য জানিয়েছেন, কুমিল্লার ঘটনাটি জামায়াতের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং এর পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে নাকি অন্য কিছু আছে, তা খতিয়ে দেখা হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা আরও বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। ঘটনাটিকে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ বলা হলেও এর সঙ্গে এবি পার্টির এই নেতার যোগসূত্র কী, সেটি একটি প্রশ্ন এবং এই বিষয়টিসহ ঘটনার পেছনে আর কে কে রয়েছেন, তা খতিয়ে দেখা হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, দলের দুই গ্রুপের সংঘর্ষ বলে ঘটনাটি যেভাবে আলোচিত হয়েছে, বিষয়টি ঠিক সে রকম নয়। নির্বাহী পরিষদের বৈঠকে কুমিল্লার ঘটনার মূলে কী রয়েছে, পেছনে কারা রয়েছেন, এবি পার্টির একজন নেতা কীভাবে যুক্ত হয়েছেন, এসব বিষয় খতিয়ে দেখা নিয়ে আলোচনা হয়েছে।
কমিটি গঠনকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পরদিন বৃহস্পতিবার এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।