উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের আশা, নতুন নীতিমালা কার্যকর হলে ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।
সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বর্তমানে মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করে দ্রুত সরাসরি নিয়োগের মাধ্যমে এই শূন্য পদ পূরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে কৃষিজমি রক্ষা ও খাদ্যে ভেজাল রোধের বিষয়েও আলোচনা হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাদি জমি কমে যাওয়ায় তা সংরক্ষণে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন কমিটির সদস্যরা।