উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করতে অন্তর্বর্তী সরকার ও বিরোধী প্রতিনিধিদের মধ্যে বুধবার তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত আগস্ট মাসে শুরু হওয়া এই আলোচনার মূল লক্ষ্য হলো নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক শাসন থেকে বেরিয়ে এসে দেশটিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এবারের আলোচনায় রাজনৈতিক প্রক্রিয়া, অবাধ নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। আলোচনার এই প্রক্রিয়া আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এর আগে দুই দফার আলোচনায় বিচার বিভাগ সংস্কার, সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দমনমূলক আইন পরিবর্তনের মতো বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছেন এবং কুখ্যাত এল হেলিকয়েড আটককেন্দ্র বন্ধ করে দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জাতীয় পরিষদ নির্বাচনে জয়ী জোটের নেত্রী দিনোরাহ ফিগুয়েরার নেতৃত্বে বিরোধী প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নিচ্ছে। তবে নির্বাসিত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে এই আলোচনার বাইরে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এখনো বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন।