উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘আইএইচএফ নেশনস ট্রফি’। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নেবে।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচ আনা আলোনসো জানান, তারা কেবল এই ট্রফি জয়ের জন্যই নয়, বরং দলের ভবিষ্যৎ ভিত শক্ত করার লক্ষ্যে খেলবেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ জানান, ইয়েমেন ও আফগানিস্তান শেষ মুহূর্তে অংশগ্রহণ করতে না পারায় চূড়ান্ত তালিকায় চারটি দল জায়গা পেয়েছে।
ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান বলেন, দীর্ঘ তিন মাস কঠোর অনুশীলনের পর ১৭ সদস্যের শক্তিশালী দল গঠন করা হয়েছে। দলের লক্ষ্য এখন ফাইনালে খেলা এবং দেশের জন্য ভালো কিছু অর্জন করা। ১৮ অক্টোবর সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী ও সমাপনী দিনে দর্শকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।