উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সহযোগিতার কাঠামো গড়ে তোলা হবে।
বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তিনি এবং গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।