উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। তদন্ত সম্পন্ন হওয়ার আগেই জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
অপরাধের প্রকৃত তথ্যপ্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দলকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে বলে বিবৃতিতে জানানো হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহত ব্যক্তির পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দফায় দফায় পিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবক নিহত হয়েছেন। প্রথম দফায় পিটুনির পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ এবং রাতে সেখান থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়। গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শামীমকে মারধরের খবর পেয়ে উদ্ধার করা হয় এবং রাতে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে মারধরের পর সাতক্ষীরায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।