উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাজেট-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিবেচনায় দেশের সার্বিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তবে ব্যাংকিং খাতের সংস্কার ও কর-জিডিপি অনুপাত বাড়ানোর মতো কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ রয়েছে।
সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফ কোনো প্রশ্ন তোলেনি উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণ, করব্যবস্থা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচির শর্তাবলী বাস্তবায়নে আলোচনা চলবে এবং কিছু বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আইএমএফের সাথে সম্পর্ক কেবল একটি ঋণ কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার আইএমএফ এবং বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সাথে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।