উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিয়েতনাম যুদ্ধের সময় নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে বড় ধরণের উদ্যোগের অংশ হিসেবে বুধবার ৭০০-এর বেশি নিহত সেনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর তাঁদের দেহাবশেষ উদ্ধার করা হয় এবং হো চি মিন সিটির রাস্তায় হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। সামরিক বাহিনী জানায়, উদ্ধারকৃত ৭৩১ জনের দেহাবশেষ পৃথক ও গণকবর থেকে তোলা হয়েছে। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী কমিউনিস্টদের একটি বিদ্রোহ দমন করার সময় এসব যোদ্ধা নিহত হন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকার একজন নিহত সেনার পরিচয় প্রকাশ করেছে যিনি হলেন স্কোয়াড লিডার হুয়িন ভ্যান কুয়েন। ১৯৬৮ সালে যুদ্ধে অংশ নেওয়া এই সেনার দেহাবশেষ লে থি রিয়েং পার্ক থেকে উদ্ধার করা হয়। জুলাই মাসে তার দেহাবশেষের সঙ্গে পাওয়া নাম লেখা একটি কাগজের টুকরো এবং স্বজনদের ডিএনএ নমুনা মিলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ১৯৪৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যুদ্ধে প্রায় ১২ লাখ ভিয়েতনামি সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হয় এবং দেশজুড়ে পরিচয় শনাক্ত করা যায়নি—এমন সেনাদের ২ লাখ ৩০ হাজার কবর রয়েছে।
নিখোঁজ সেনাদের পরিচয় শনাক্তের জন্য ২ লাখ ৩০ হাজার অশনাক্ত কবর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং দেহাবশেষের ১৮ হাজার নমুনার ডিএনএ বিশ্লেষণ করা হচ্ছে। উপপ্রধানমন্ত্রী ফাম থি থান ট্রা একে বিশেষ গুরুত্বসম্পন্ন রাজনৈতিক দায়িত্ব ও হৃদয়ের গভীর থেকে আসা নির্দেশ বলে অভিহিত করেছেন। নিহতদের জীবিত স্বজন ও নিকটাত্মীয়দের বয়স বাড়ার কারণে গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি সতর্ক করেন। ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ থেকে বাসস এই খবর জানিয়েছে।