উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এ দ্বিতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৭.০১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। নতুন এই কারখানাটিতে প্রায় দুই শ’ বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বুধবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সাথে কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল কোম্পানির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য মো: তানভীর হোসেন এবং প্রতিষ্ঠানটির পরিচালক ঝ্যাং ইউগিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন কারখানাটি বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ এ সাত হাজার ২০০ বর্গমিটার জমিতে স্থাপন করা হবে। সেখানে ফুটওয়্যার অ্যাকসেসরিজ, ব্যাগ ও লাগেজের যন্ত্রাংশ, কাগজজাত পণ্য, মুদ্রিত সামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক পণ্য উৎপাদিত হবে। উৎপাদিত পণ্য ভারত ও কম্বোডিয়ার জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের রফতানিমুখী জুতা কারখানাগুলোতে সরবরাহ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেপিএসটি নিউ ম্যাটেরিয়ালের পরিচালক ঝ্যাং ইউগিউ বলেন, প্রথম কারখানার পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিক বিনিয়োগ পরিবেশ বিবেচনায় নিয়ে তারা সম্প্রসারণের জন্য বেপজাকে বেছে নিয়েছেন বলে জানান।