উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঋণনির্ভরতা কমিয়ে চীনের সাথে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চীনের এক্সিম ব্যাংকের সাথে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থনৈতিক নীতিতে বিনিয়োগ বাড়ানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং শুধু ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে যৌথ অংশীদারত্ব গড়ে তোলা দরকার।
এদিকে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রতিনিধিদের সাথেও বাংলাদেশের কৃষি খাতে সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষি খাতে কী ধরনের সহযোগিতা দেয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা ফলপ্রসূ হলেও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
অন্যদিকে বুধবার অপর এক বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সাথে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অনুদানভিত্তিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পক্ষের সাথে বৈঠকে বাংলাদেশের আমদানি বৃদ্ধি ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় আরো সহায়তার প্রত্যাশা জানানো হয়েছে।