উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এক ভয়াবহ রোলার কোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কব কাউন্টির গুরুতর অপরাধ তদন্ত ইউনিটের গোয়েন্দারা ঘটনার তদন্ত শুরু করেছেন।
নিহত ও আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্টির চেয়ারম্যান লিসা কিউপিড। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ‘গোলিয়াথ’ নামক রোলার কোস্টারে এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেছে। পার্কের মুখপাত্র এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, তদন্ত কাজে তারা স্থানীয় প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করছেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর আমেরিকার বিভিন্ন পার্কে থাকা একই ধরনের নয়টি রোলার কোস্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিক্স ফ্ল্যাগস কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই রোলার কোস্টারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার এবং এটি ৬১ মিটার উচ্চতায় ওঠে।