উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করে জানান, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিচ্ছে। অধ্যাপক ইউনূসের সাথে অপকর্মের দায়ে তিনি বাংলাদেশ সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে বিমানবন্দরে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছে যা অত্যন্ত নিন্দনীয়। এর মাধ্যমে দেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে অপমানিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অধ্যাপক ইউনূসকে নিয়ে স্লোগান, অপমান ও হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে অতীতের গুম-খুন ও গণতন্ত্র ধ্বংসের দায় এড়ানো যাবে না বলে মন্তব্য করেছে। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে বলেন, বিদেশের মাটিতে একজন সম্মানিত নাগরিককে ঘিরে অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা জন এফ কেনেডি বিমানবন্দরের ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।