উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর খবর ফেসবুকে জানিয়েছেন তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ। বাবার আত্মার মাগফিরাত কামনা করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
আগামীকাল বুধবার জোহর নামাজের পর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় সালাহউদ্দিন শ্যামপুর-কদমতলী এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ঢাকা-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।