উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিব হিসেবে বহাল থাকছেন।
দলীয় সূত্র জানিয়েছে, নতুন কাঠামোয় নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাবেন। সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে করা হবে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবার এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।
নেতাদের কাজের দক্ষতা ও সক্রিয়তাকে মূল্যায়নের ভিত্তিতে এই সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে দলের পরিচিত ‘সুপার ইলেভেন’ কাঠামোর পরিবর্তে ছয় সদস্যের ‘সুপার সিক্স’ শীর্ষ নেতৃত্ব গঠিত হচ্ছে। মূলত আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দলীয় কার্যক্রমে গতি আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি যাত্রা শুরু করে। দলটির বর্তমান রাজনৈতিক পর্ষদে ১৬ জন সদস্য রয়েছেন। পুনর্গঠনের পর পর্ষদের বাকি ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে। সংসদে বর্তমানে এনসিপির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন।