উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর চকবাজারের মঞ্জুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ২০ মিনিটে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ব্রিফিংয়ে জানান, সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে ছোট কাটরা এলাকায় এসি মসজিদের পাশের সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে।
তিনি আরও জানান, ভবনের ষষ্ঠ তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কসমেটিকস, ইলেকট্রনিক পণ্য ও ছাতা মজুত থাকা বেশ কিছু গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় আক্রান্ত হয়ে একাধিক ফায়ারকর্মী আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।