উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও নাগরিকদের ওপর পুলিশি দমন-পীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘ভারতীয় ছাত্র-জনতার পাশে বাংলাদেশের ছাত্র-জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রগতিশীল ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, করপোরেট ও ধর্মীয় ফ্যাসিবাদের ভয়ংকর রূপ বিজেপির শাসনামলে স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী লড়াই ও সংস্কৃতির বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি এই বৈষম্যবিরোধী লড়াইকে শক্তিশালী করার আহ্বান জানান।
অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, মোদি সরকারের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছে। ভোট কারচুপির অভিযোগে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলা ন্যায়সংগত লড়াইয়ের প্রতি বাংলাদেশের জনগণ পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমনে ভারত সরকার যে পুলিশি নিপীড়ন চালাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হারুন অর রশিদ, সীমা দত্ত, মাহতাব উদ্দিন আহমেদ, লিটন নন্দী, তামজিদ হায়দার চৌধুরী, স্কাইয়া ইসলাম ও তৈয়ব ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন নওশিন মুসতারি। কর্মসূচি শেষে শাহবাগ থেকে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত প্রদক্ষিণ করে।