উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর পাঁচদোনা এলাকার দুই হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’ পরিদর্শন করে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় সরকারের পক্ষ থেকে বিদ্যালয়টির নিবন্ধন ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
জন্ম থেকেই দুই হাত না থাকা দুখু মিয়া শৈশবে পা দিয়ে লিখতে শিখে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা শেষ করেছেন। চাকরির সুযোগ না পেয়ে ২০০৭ সালে নিজের জমানো অর্থ ও বাবার জমি বিক্রির টাকায় তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার এই প্রতিষ্ঠানে ১৪৫ জন শিশু শিক্ষা গ্রহণ করছে।
নিজের স্বপ্ন নিয়ে দুখু মিয়া বলেন, প্রধানমন্ত্রী তার বিদ্যালয়ের খোঁজ নেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তার স্বপ্ন প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা। সরকার ও প্রশাসনের সহযোগিতা পেলে এই স্বপ্ন পূরণ সম্ভব বলে তিনি মনে করেন।