উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে আইপিও নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জনমত যাচাইয়ের জন্য আগামী দু-এক দিনের মধ্যেই এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর কাজও চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিনিয়োগকারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মাসুদ খান বলেন, কোনো কোম্পানির অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি বা যাচাইহীন তথ্যের ওপর ভিত্তি করে বিনিয়োগ করা উচিত নয়। বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক বিবরণী ও প্রকৃত সক্ষমতা ভালোভাবে যাচাই করে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে বিএসইসির কমিশনারবৃন্দ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।