উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা এখন সময়ের অপেক্ষা মাত্র। ২০২৬ বিশ্বকাপের পরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে। মেসি-পরবর্তী আর্জেন্টিনা দল কেমন হবে, তা নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মার্তিনেজ জানান, মেসি অবসরে গেলে জাতীয় দলে একটি বিশাল শূন্যতা তৈরি হবে। মেসিকে ছাড়া দলের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে এখন থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে বর্তমান স্কোয়াডের তরুণ প্রতিভাবান ফুটবলারদের ওপরও পূর্ণ আস্থা রাখছেন এই গোলরক্ষক।
মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা স্মরণ করে কাতার বিশ্বকাপ জয়ে তাঁর অবদানের কথা উল্লেখ করেন মার্তিনেজ। তিনি জানান, মেসিকে বিশ্বকাপ জিততে সহায়তা করা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন।