উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের (King Khalid International Airport) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১১ অক্টোবর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর বন্ধের মেয়াদ ১১ অক্টোবর ২০২৬ তারিখ ২১:০০ ইউটিসি (বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা) পর্যন্ত বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 এবং BG340 ফ্লাইট দুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
স্থগিত হওয়া ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ১২টায় যাত্রীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
অনিবার্য কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।