উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জ্বালানি, বিদ্যুৎ ও সার খাতে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিলেও এর বড় অংশ প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছাচ্ছে না। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বণ্টনে বড় ধরনের বৈষম্য রয়েছে, যেখানে সচ্ছল পরিবারগুলোই তুলনামূলক বেশি সুবিধা ভোগ করছে।
সার ভর্তুকির ক্ষেত্রে দেখা যায়, সবচেয়ে বড় ২০ শতাংশ ভূমি মালিক মোট ভর্তুকির প্রায় ৫০ শতাংশ পাচ্ছেন। বিপরীতে ক্ষুদ্রতম ৪০ শতাংশ ভূমি মালিকের ভাগে পড়ছে মাত্র ১৩ শতাংশ। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৮০ শতাংশই ভর্তুকিতে ব্যয় হওয়ায় গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ অনেক কম হচ্ছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রেও একই চিত্র ফুটে উঠেছে, যেখানে সবচেয়ে দরিদ্র পরিবারের প্রায় অর্ধেকই এখনো সহায়তার বাইরে রয়ে গেছে। অথচ ধনী পঞ্চমাংশের ১৮ শতাংশ পরিবার এসব সুবিধা পাচ্ছে। বিশ্বব্যাংকের মতে, কেবল ভর্তুকি নয়, বরং সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নীতি সংস্কার করা জরুরি।