উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। আজ শনিবার সকালে ভারতের কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য জানিয়েছেন, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে যান। সেখানে ক্যানসার শনাক্ত হওয়ার পর প্রথমে চেন্নাইয়ে এবং পরবর্তী সময়ে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
মাহফুজুল হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।