উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোট এলে দেশের রাজনৈতিক দলের নেতারা অতিরিক্ত ইসলামিক হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি তরুণ আলেমদের উদ্দেশে বলেছেন, দীর্ঘ মেয়াদে নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে এবং অন্য কারো রাজনীতির ঘুঁটি হওয়া যাবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৮ সালের নির্বাচন–পরবর্তী সময়ে আলেম–ওলামাদের ওপর রাষ্ট্রীয় নির্যাতনের উল্লেখযোগ্য একাডেমিক কাজ হয়নি উল্লেখ করে হাসনাত বলেন, প্রকাশিত বইটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আলেমদের রাষ্ট্রের মূলধারার পেশায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার মিথ্যা প্রমাণ করার পাশাপাশি আলেমদের নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরির ওপর জোর দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার এবং আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।