উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে উলামাদের উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয়নি। তাই সরকার যেন জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ডেঙ্গু-হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে কোনো ধরনের তৎপরতা নেই এবং জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা লক্ষণীয়। একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সংকট মানুষের ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি সরকারকে সমস্যার গভীর থেকে সমাধানের চেষ্টা করার আহ্বান জানান।
চরমোনাই পীরের বক্তব্য শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মুফতি মিজানুর রহমান সাঈদ দায়িত্ব লাভ করেছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে আ ফ ম খালিদ হোসাইন, সাধারণ সম্পাদক পদে মুফতি রেজাউল করীম আবরার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুফতি শামসুদ্দোহা আশরাফী দায়িত্ব পেয়েছেন।