উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনটি কয়টি ধাপে এবং কোন ধাপের ভোট কবে অনুষ্ঠিত হবে, সেদিন কমিশনের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, কমিশন শুধু ভোটের সময়সূচি জানাবে এবং মূল তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইসি ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছিল এবং ১২ নভেম্বর থেকে সাত ধাপে ভোট করার প্রাথমিক পরিকল্পনা নিয়েছিল। তবে ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বৈঠকে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজনের অসুবিধা উঠে আসার পর কমিশন দিনক্ষণ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশন জানুয়ারি থেকে ইউপি ভোট শুরু করে মে মাসের মধ্যে তা শেষ করতে চায় এবং ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই তিন-চারটি ধাপ সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের কমিশন বৈঠকের পরই জানা যাবে।