দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছর মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত ৯২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জলমহাল ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনলাইনভিত্তিক স্বচ্ছ ইজারা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, প্রান্তিক মৎস্যজীবীরা যাতে কোনো বাধা ছাড়াই সরকারি সুবিধার আওতায় আসতে পারেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জেলা প্রশাসকদের কোনো প্রকার তদবির গ্রহণ না করে স্বচ্ছতার সাথে সুপারিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সভায় মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন জেলার জলমহাল এবং মৎস্য অধিদপ্তরের প্রকল্প সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।








