হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তাহীনতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আবাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধই তাদের অঞ্চলে নিরাপত্তাহীনতার প্রধান উৎস। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান সংঘাতের অন্যতম কেন্দ্রে রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরানে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে মস্কো বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের ফলে সৃষ্ট তীব্র আন্তর্জাতিক সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা হচ্ছে। ল্যাভরভের এই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।








