উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ১:০০ ৩ ভিউ
উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

পড়াশোনা শেষে শিক্ষার্থীরা অর্জিত শিক্ষার যথাযথ প্রয়োগ করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অবস্থার পরিবর্তনে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ সুদৃঢ় করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা খাতের রূপান্তরে একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি উল্লেখ করেন যে, এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের মূল ভূমিকা পালন করতে হবে এবং তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে। এই প্রশিক্ষকদের মাধ্যমেই পরবর্তীতে জাতীয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।

দেশে প্রশিক্ষণ সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেশেই আয়োজন করা সম্ভব। এ কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য, ইউজিসির হিট প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশ নেন। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষে তাঁরা ন্যাশনাল ট্রেইনার হিসেবে শিক্ষকদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের
0:00 / 0:00
1x
🔒