এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৫:৩০ ৫ ভিউ
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে তিন বছর সময় বাড়ানোর কথা বলা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও এতে একমত হয়েছে। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের আগের প্রস্তুতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, উত্তরণকে রাজনৈতিকভাবে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে এবং প্রস্তুতির কাজে লাগাতে সরকার এখন কর্মপরিকল্পনা তৈরি করেছে। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

ব্যবসা শুরুর দীর্ঘসূত্রতা কমাতে একক অনলাইন পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স দেওয়া এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের সেবা পুরোপুরি অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে। জ্বালানি সংকটকে নতুন বিনিয়োগের বড় বাধা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও গ্যাসকূপ খননে কাজ চলছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং ব্যবসা সহজ করার সমন্বিত লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আখতার মালা এবং সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মঈনুল হক। বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী
0:00 / 0:00
1x
🔒