যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরান সফরে ল্যাভরভ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ১ ভিউ
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরান সফরে ল্যাভরভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। এই উদ্যোগের অংশ হিসেবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার ইরান সফরে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম তেহরান সফর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রোববার এ সফরের তথ্য জানিয়ে বলেন, সফরে দুই দেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ল্যাভরভের বৈঠকের কথা রয়েছে। এ প্রসঙ্গে ল্যাভরভ জানান, মস্কোর এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো বড় ধরনের যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বেআইনি হামলার ফলে সৃষ্ট তীব্র আন্তর্জাতিক সংকট নিরসনের উপায় খুঁজে বের করাই হবে ল্যাভরভের আলোচনার প্রধান বিষয়। মন্ত্রণালয়টি আরও বলেছে, এই যুদ্ধ শুধু নিকটপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও বড় ধরনের আঘাত হিসেবে দেখা দিয়েছে।

এর আগে চলতি অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানান, মস্কো মধ্যস্থতা প্রচেষ্টায় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে দেশ দুটির সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেড়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তীতে এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে সংঘাত থামেনি। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট হাইড্রোকার্বনের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই কৌশলগত জলপথে জাহাজ লক্ষ্য করে ইরানের পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের পাল্টা বন্দর অবরোধকে কেন্দ্র করে এখনো উত্তেজনা চলছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরান সফরে ল্যাভরভ
0:00 / 0:00
1x
🔒