আগামী দুই বছরের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রোববার ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত এক কর্মশালায় এই পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর শীর্ষক এই কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চগতির ওয়াই-ফাই ও ডিজিটাল শ্রেণিকক্ষের আওতায় এনে পর্যায়ক্রমে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি, ফি জমা, হলের আসন বরাদ্দ ও সনদ সংগ্রহের মতো সব সেবা অনলাইনে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান। এ লক্ষ্যে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করবে।
প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর সমন্বিত উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আসলাম হোসেন ও হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।








