যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বিশ্ববাণিজ্যে সৃষ্ট অস্থিরতার মাঝে বিকল্প বাজার খুঁজতে ইউরোপের চারটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভিয়েতনাম। রোববার হ্যানয়ে ভিয়েতনাম ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার (ইএফটিএ) মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইএফটিএভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আইসল্যান্ড, লিশটেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড।
ভিয়েতনামের সর্বোচ্চ নেতা তো লামের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় শিল্পপণ্য, মাছ ও কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানিতে শুল্ক প্রত্যাহার বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১২ সালে শুরু হওয়া এই আলোচনার চূড়ান্ত রূপ পেতে এক দশকেরও বেশি সময় লেগেছে এবং গত জুলাই মাসে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির মাধ্যমে বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর নির্ভরতা কমিয়ে ভিয়েতনাম তার বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী করার সুযোগ পাবে। গত বছর ইএফটিএভুক্ত দেশগুলোর সঙ্গে ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫৪০ কোটি মার্কিন ডলার। এই চুক্তির ফলে ভিয়েতনাম উন্নত প্রযুক্তি ও বেশি মূল্যসম্পন্ন পণ্য উৎপাদনে আরও এগিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।








