নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।
আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা সুধুরপশ্চিম রয়্যালস এবার মিসবাহর অভিজ্ঞতায় শিরোপা খরা কাটাতে বদ্ধপরিকর। এর আগে নেপালের সাবেক খেলোয়াড় জগৎ তামাতা দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫২ বছর বয়সী মিসবাহ বলেন, নেপালের ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা নিয়ে অনেক শুনেছি। তিনি আরও যোগ করেন, এই নতুন চ্যালেঞ্জে প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মিসবাহ কোচিং পেশায় যুক্ত হন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা মিসবাহ ২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে শিরোপা জয়ে অবদান রেখেছিলেন।








