ময়মনসিংহ সদর উপজেলায় আজ গ্রামীণ সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১১টি উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ১৮ অক্টোবর ২০২৬ তারিখে সদর উপজেলার চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কোনাপাড়া রফিকুলের বাড়ী হতে ইদগাহ মাঠ পর্যন্ত সড়ক সংস্কার, চরখরিচা ইদগাহ মাঠ হতে পীরবাড়ী সড়ক ও কালভার্ট সংস্কার, এবং সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের নামাজ খানা নির্মাণ। এছাড়াও খালেরপার হতে কইট্রার মোড়ের রাস্তা ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার ও মাদরাসার আসবাবপত্র সংস্কারের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বিকেলে চরসিরতা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এসব কর্মসূচিতে ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহম্মেদ ও সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাব্বির আহম্মেদ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








