ঢাকার শ্যামলীতে অবস্থিত মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস। তিনি রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের ভূমিকা এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন।
সভায় অধ্যাপক ডা: এম এ মোহিত কামাল, অধ্যাপক ডা: অনুপম হোসেন, অধ্যাপক ডা: আবু খলদুন আল-মাহমুদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার পাশাপাশি রোগীদের অনুভূতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ পর্বে ডা: রুবাইয়াৎ ফেরদৌসের লেখা ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বইটির লেখককে এসময় ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্টজনরা।








