চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, সরকারি নির্মাণকাজের গুণগত মান ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। সামান্য অর্থ সাশ্রয়ের জন্য বড় ধরনের ঝুঁকি নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।
শনিবার বিকেলে নগরের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান বজায় রাখা জরুরি, অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, মুনাফার চেয়ে কাজের মানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রয়োজনে নির্মাণব্যয় বাড়লেও গুণগত মানে আপস করা চলবে না। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








