জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সংস্কারের পরিপক্ব বিষয়গুলোকে বিএনপি পেছনে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে একদলীয় কমিটি গঠন করায় তারা সংস্কার প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি মুখে জুলাই সনদের কথা বললেও অন্তরে আওয়ামী লীগের কাঠামো টিকিয়ে রাখতে চায়। অবিলম্বে একদলীয় কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায় কঠোর গণ-আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।








