স্বল্পআয়ের দেশগুলোকে সহায়তা ও ঋণ পুনর্গঠনে জোর আইএমএফের

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ৮:৩০ ৭ ভিউ
স্বল্পআয়ের দেশগুলোকে সহায়তা ও ঋণ পুনর্গঠনে জোর আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংগৃহীত

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ক্রমবর্ধমান ঋণের চাপ এবং উন্নয়ন অর্থায়নের সীমাবদ্ধতার মধ্যে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা বাড়ানোর বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঋণ পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করা, দেশীয় রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সংস্থাটির নীতিনির্ধারণী কমিটি। পাশাপাশি আইএমএফের নিজস্ব অর্থায়ন ও কোটাভিত্তিক শাসনব্যবস্থায় সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির ৫৪তম বৈঠকের ঘোষণায় এই অবস্থান তুলে ধরা হয়েছে।

ঋণের দায়ে চাপে থাকা দেশগুলোর জন্য ঋণ পুনর্গঠনের প্রক্রিয়া আরো পূর্বানুমানযোগ্য, সময়োপযোগী, সুশৃঙ্খল ও সমন্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিটি। এ ক্ষেত্রে জি২০-এর কমন ফ্রেমওয়ার্কের অধীনে অগ্রগতি ধরে রাখার পাশাপাশি গ্লোবাল সভরেন ডেট রাউন্ডটেবিলের কাজ এগিয়ে নেয়ার কথা বলা হয়েছে। সরকারি ও বেসরকারি সব ঋণদাতার কাছ থেকে ঋণসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানিয়েছে আইএমএফসি।

আইএমএফ এমন দেশগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাদের ঋণ পরিস্থিতি টেকসই এবং সংস্কার ও প্রবৃদ্ধি বাড়ানোর কর্মসূচি রয়েছে কিন্তু স্বল্পমেয়াদি অর্থায়ন সঙ্কটের মুখে পড়েছে। এ ক্ষেত্রে আইএমএফ ও বিশ্বব্যাংক গোষ্ঠীর তিন স্তম্ভের পদ্ধতি দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দেয়া হয়েছে। স্বল্প আয়ের দেশ, ঝুঁকিপূর্ণ মধ্যম আয়ের অর্থনীতি, সঙ্ঘাত ও অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র এবং ছোট উন্নয়নশীল দেশগুলোর সমস্যার প্রতি বিশেষ মনোযোগ দেয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশের মতো অর্থনীতির ক্ষেত্রে এই বার্তা বিশেষভাবে প্রাসঙ্গিক কারণ রাজস্ব আহরণ দুর্বল হলে সরকারের উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষা এবং ঋণের সুদ পরিশোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তবে ঘোষণায় বাংলাদেশের জন্য আলাদা কোনো নতুন করনীতি বা নির্দিষ্ট সংস্কার-শর্ত ঘোষণা করা হয়নি। এটি মূলত সদস্য দেশগুলোর অর্থনৈতিক নীতি ও সংস্কার নিয়ে বৃহত্তর দিকনির্দেশনা।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

স্বল্পআয়ের দেশগুলোকে সহায়তা ও ঋণ পুনর্গঠনে জোর আইএমএফের
0:00 / 0:00
1x
🔒