আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে বাংলালিংকের এই ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। ঢাকার বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ। এছাড়া টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ, সাফের কম্পিটিশনস বিভাগের প্রধান সৈয়দ আসিফ হুসাইন এবং বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম উপস্থিত ছিলেন।
দীর্ঘ আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে ফিরছে এবং এই টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি দেখাবে টফি। অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস প্ল্যাটফর্মেও টুর্নামেন্টটি উপভোগ করা যাবে। হাই-ডেফিশিয়েন্সি মানের সম্প্রচারের মাধ্যমে দেশের সব প্রান্তের দর্শক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা দেখতে পারবেন।
টফি অ্যাপের মাধ্যমেই দর্শকবৃন্দ এ টুর্নামেন্টের ডিজিটাল পাস কিনতে পারবেন। যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে এর পেমেন্ট করা সম্ভব। টুর্নামেন্টের সব খেলা দেখতে ৯৯ টাকার বিশেষ ডিজিটাল পাস চালু করেছে টফি। তবে আর্লি বার্ড অফারের আওতায় টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত মাত্র ৪৯ টাকায় এই পাস কেনা যাবে।








