জাতীয় সংসদের এলডি হলে আজ শুক্রবার ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে সেরাদের জাতিসংঘের সম্মেলনে পাঠানোর সরকারি উদ্যোগের কথা জানান মাহদী আমিন।
মাহদী আমিন জানান, দেশব্যাপী প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণেরা অংশ নেবে। চূড়ান্ত বিজয়ীদের সরকার নিজস্ব অর্থায়নে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাবে, যাতে তারা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করে তিনি বলেন, আগামী বছর থেকে এই প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তরুণদের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি নীতি প্রণয়নে তাদের মতামতের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড উপস্থিত ছিলেন।








