পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা দুর্গম এলাকার মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া জরুরি। মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘সুরক্ষা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ের পরিবেশ ও ভারসাম্য রক্ষা করে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে। পাশাপাশি স্থানীয়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে বনভূমি রক্ষা ও বনায়ন কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন তিনি।
পাহাড়ের সুপেয় পানি ও স্যানিটেশন সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের মৌলিক চাহিদা পূরণে গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।








