আসন্ন বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে তিনদিনের পরিবর্তে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ক্যারিবীয়রা। ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছানোর পর ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করবে সফরকারী দলটি।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য হবে।








