জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন তার কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য জানান, আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সম্মতি প্রদান করেছেন। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আগ্রহী ডিগ্রিধারীরা আজ বৃহস্পতিবার থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও ফি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (https://convocation.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিবন্ধন উপ-কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।








