রাজশাহী, ১৫ অক্টোবর, ২০২৬ (বাসস): ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে এবং মানুষ উচ্ছ্বসিত হবে। তিনি আরও জানান যে, প্রধানমন্ত্রী দুর্গাপূজার সময়ে রাজশাহীতে আসায় এটি হিন্দুধর্মাবলম্বীদের জন্য একটি বড় পাওয়া।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এর আগে কোনো সরকারপ্রধান পূজার মধ্যে রাজশাহীতে আসেননি এবং বর্তমান প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষকে অত্যন্ত ভালোবাসেন।
মন্ত্রী সফরটি সুশৃঙ্খল ও সুন্দর করতে এবং নিরাপত্তা ও শৃঙ্খলায় কোনো ত্রুটি না রাখার জন্য সবাইকে নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সফর সফল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতি সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।








