বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগ্রহ প্রকাশ করেছে চীনের এক্সিম ব্যাংক। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জিটুজি বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ জিটুজি গ্রিড শক্তিশালীকরণ এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করতে একমত হয়। এছাড়া ভবিষ্যতে দেশের বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।
জাতীয় প্রবৃদ্ধির মূল ভিত্তি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উল্লেখ করে মন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও ডিপিডিসির নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়ন চান। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের উদ্যোগের কথা জানিয়ে তিনি ভবিষ্যতের প্রকল্পগুলোর অর্থায়ন দ্রুত করার আহ্বান জানান। চীনের এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াং চুনইং সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান। তিনি সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।








