মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সদ্যভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে শয্যাশায়ী প্রবীণ নাগরিক-সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে প্রাণবন্ত, কর্মক্ষম ও সুস্থ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় ধানমন্ডির অবসর ভবনে আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়বে না। সমাজে কোনো মানুষ অবহেলিত অবস্থায় থাকুক সরকার তা কখনোই চায় না। শারীরিক বা বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিংবা প্রবীণ নাগরিক, তারা প্রত্যেকেই এই সমাজের সমান অংশীদার ও সম্মানিত সদস্য।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সমিতির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।








