প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তাদের একাডেমিকে শক্তিশালী করার মাধ্যমে বিশ্ব ফুটবলে নতুন উদাহরণ তৈরি করছে। গত মৌসুমে ক্লাবের একাডেমি থেকে উঠে আসা ১০ জন খেলোয়াড় মূল দলের হয়ে মাঠে নেমেছেন, যার মধ্যে ছয়জনের অভিষেক হয়েছে। এই তরুণদের সাফল্যের পেছনে মূল ভূমিকা রাখছে উয়েফা ইয়ুথ লিগ ও ক্লাবের সুপরিকল্পিত একাডেমি কাঠামো।
পিএসজি একাডেমির ক্রীড়া পরিচালক ইয়োহান কাবায়ে জানান, ইয়ুথ লিগ তরুণ খেলোয়াড়দের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ভিন্ন ফুটবল সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা ও সাংগঠনিক ব্যবস্থাপনা তাদের পেশাদার ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে তোলে। এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে গঠিত 'এসপোয়ার' দল অনূর্ধ্ব-১৯ ও মূল দলের মধ্যকার ব্যবধান কমিয়ে তরুণদের খেলার সুযোগ বাড়িয়ে দিয়েছে।
ক্লাবের এই সাফল্যের পেছনে সভাপতি নাসের আল-খেলাইফি, ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোস এবং কোচ লুইস এনরিকের সমন্বিত পরিকল্পনা কাজ করছে। ২০২৫-২৬ মৌসুমে ফরাসি ফুটবল ফেডারেশনের সেরা একাডেমির স্বীকৃতি পাওয়া পিএসজি এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য পূরণে নিজেদের মেধাবী তরুণদের ওপরই পূর্ণ আস্থা রাখছে।








