আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশসহ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি টেকসই করতে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো জরুরি। সংস্থাটির ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক- এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বিনিয়োগ ও রফতানির ওপর নির্ভর না করে পরিবারগুলোর আয়, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
আইএমএফের মতে, বয়স্কদের পেনশন সুবিধা বাড়ানো, নিম্ন আয়ের পরিবারকে নগদ সহায়তা প্রদান এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করলে মানুষের ভোগব্যয় বাড়বে। এতে একদিকে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী হবে, অন্যদিকে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়িয়ে অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই এসব কর্মসূচির অর্থায়ন করা সম্ভব হবে।
প্রতিবেদন অনুযায়ী, পেনশন সুবিধা বাড়লে বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য মানুষের অতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা কমবে, যা ২০৫০ সাল পর্যন্ত ভোগব্যয় বছরে গড়ে ০.৫ থেকে ২.৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। এছাড়া, নিম্ন আয়ের পরিবারকে সহায়তা এবং নারীর কর্মসংস্থান বাড়ানোর মতো সংস্কারগুলো একসাথে বাস্তবায়ন করলে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদন প্রায় ৬.৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।








