সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি সাংবাদিকদের সুচিন্তিত উপায়ে এআইয়ের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৭০ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেওয়া হয়।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার বলেন, এআই কাজ সহজ করলেও যাচাইহীন তথ্যের ব্যবহার সাংবাদিকতাকে ঝুঁকির মুখে ফেলছে। গত ১২ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ভুয়া খবর শনাক্তকরণের আধুনিক কৌশল শেখানো হয়েছে।








